নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরের মূল ফটকের সামনে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে বন্দর রক্ষা কমিটি।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শ্রমিকদের অবস্থানের কারণে বন্দরের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যানজটের সৃষ্টি হয়।
কর্মসূচিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি), জাতীয়তাবাদী শ্রমিক দলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত এনসিটি বন্দরের অন্যতম লাভজনক টার্মিনাল। তাই এটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ বাতিল করতে হবে।
তাদের দাবি, এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে গেলে শ্রমিকদের কর্মসংস্থান সংকটের পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে। বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় আরও বেশি পণ্য হ্যান্ডলিং ও আয় করার সক্ষমতা রয়েছে বলেও দাবি করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









