সিলেটকে বাসযোগ্য, সবুজ ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, ‘‘স্মার্ট ও টেকসই সিলেট গড়ার প্রত্যয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’’
সোমবার (৫ অক্টোবর) ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে সিলেটে দুই দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রথম দিনে বর্ণাঢ্য র্যালি, বেলুন উড়ানো, আলোচনা সভা ও ইসিপিএসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, ‘‘দ্রুত বর্ধনশীল নগরগুলোতে নিরাপদ বাসস্থান নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। প্রতিটি নাগরিকের সর্বজনীন বাসস্থানের সুযোগ সৃষ্টি ও আধুনিক নগর সুবিধা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’’
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মফিজুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমদ, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেট মহানগর পুলিশ কমিশনার সায়েম প্রধান শামীম, গণপূর্ত বিভাগের সিলেটের নির্বাহী প্রকৌশলী আবু জাফর প্রিনঞ্চ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, জালালাবাদ গ্যাসের পরিচালক মো. বদরুজ্জামান সেলিম এবং সিউকের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদ।
বিশেষ অতিথিরা নগর পরিকল্পনায় পরিবেশ সুরক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য আবাসন সুবিধা জোরদারের ওপর গুরুত্ব দেন।
দিবসটি উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও লিডিং ইউনিভার্সিটির পুরকৌশল ও স্থাপত্য বিভাগ, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম যুক্ত হয়েছে।
আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানও এ আয়োজনে অংশ নিয়েছে। তরুণদের পরিকল্পিত নগরায়ণে উৎসাহিত করতে চিত্রাঙ্কন, আবাসনবিষয়ক ভাবনা প্রতিযোগিতা, মডেল ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
আলোচনা সভা শেষে নগর উন্নয়নের বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









