রূপগঞ্জের ভুলতা উপস্বাস্থ্য কেন্দ্রটি পুনর্নির্মাণ করে আধুনিক ও উন্নত চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
সোমবার (৫ অক্টোবর) ভুলতা উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় তিনি কেন্দ্রটির ঝুঁকিপূর্ণ ভবন ঘুরে দেখেন এবং চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার পরিবেশ ও সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন।
দিপু ভূঁইয়া বলেন, জনবহুল রূপগঞ্জে সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। এ চাপ মোকাবিলায় হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। রোগীদের পর্যাপ্ত চিকিৎসাসেবা ও ওষুধ নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে।
তিনি আরও বলেন, যেসব এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী ভবন নেই, সেসব স্থানে জমি চিহ্নিত করে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়েরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









