বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে খাদিজা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিন্দ্রার চালকসহ চারজন আহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) রাত সোয়া ৭টার দিকে উপজেলার দক্ষিণ কাসেমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা বেগম উত্তর বিজয়পুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বরিশালগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে ঘটনাস্থলেই খাদিজা বেগমের মৃত্যু হয়।
গৌরনদী হাইওয়ে থানার এসআই রোমান জানান, দুর্ঘটনার পর সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও মাহিন্দ্রা জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









