নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের একদিন পর রাবেয়া বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১২ নম্বর সেক্টরে লেকের পাড়ের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাবেয়া ভোলার সদর উপজেলার চরখালী এলাকার শামসুদ্দিনের স্ত্রী। তিনি পরিবারের সঙ্গে রূপগঞ্জের নাওড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পের একটি নির্মাণাধীন ভবনে বাবুর্চির কাজ করতেন।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় কাজ শেষে বের হওয়ার পর রাবেয়া আর বাসায় ফেরেননি। স্বজনরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঝোপের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে।
পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে রাবেয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









