গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিশুদের সুরক্ষা, অধিকার ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এবং ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি সাইফ-উল-আরেফীন।
সভায় শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, অধিকার ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সমাজকর্মী ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন বল, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের ইসিসিআর প্রজেক্ট অফিসার প্রবাল সাহা এবং কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল।
বক্তারা বলেন, শিশুদের কল্যাণ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সভায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্যসহ উপজেলা প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা, সমাজসেবা ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শিশুদের সমস্যা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা ও কার্যকর ব্যবস্থা গ্রহণসহ তাদের সার্বিক কল্যাণ ও সুরক্ষায় বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









