পিরোজপুরের নেছারাবাদে কাঠবোঝাই ভ্যান উল্টে গোলকাঠের নিচে চাপা পড়ে মো. বশির (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর চার বছরের ছেলে নাঈম গুরুতর আহত হয়েছে। তাকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার সোহাগদল ইউনিয়নের হাজীরপুর এলাকায় স্টিলব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত বশির বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বশির তাঁর ছেলে নাঈমকে সঙ্গে নিয়ে ভ্যানে কাঠ পরিবহন করছিলেন। হাজীরপুর এলাকায় স্টিলব্রিজের উঁচু অংশে ওঠার সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালের পাড়ে ব্যবসায়ীদের রাখা গোলকাঠের ওপর উল্টে পড়ে। এতে বশির কাঠের নিচে চাপা পড়েন এবং নাঈম ছিটকে পড়ে আহত হয়।
স্থানীয়রা বশিরকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত নাঈমকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের মেয়ে সুবর্ণা জানান, তাঁর ছোট ভাই নাঈমই দুর্ঘটনায় আহত হয়েছে। তাঁদের মা নেই। বাড়িতে দেখাশোনার কেউ না থাকায় বাবা নিয়মিত ছোট ভাইকে সঙ্গে নিয়েই কাজে যেতেন। বশির সোহাগদল উপজেলার বছরাকাঠি এলাকার একটি কাঠের দোকান থেকে ভ্যানে কাঠ পরিবহনের কাজ করতেন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরিফা সিদ্দিকা বলেন, হাসপাতালে আনার আগেই বশিরের মৃত্যু হয়েছে।
নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ থানায় আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









