ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ঝালকাঠিতে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা মৎস্য বিভাগ। আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য অধিদপ্তর এ সভার আয়োজন করে।
সভায় মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৩ আশ্বিন থেকে ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (৮ অক্টোবর হতে ২৯ অক্টোবর) পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় মা ইলিশ রক্ষায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রয়োগ করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড, অথবা ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
এ বিষয়ে ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক বলেন, ‘‘জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন সুরক্ষায় এ অভিযান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীসহ সকল ঝুঁকিপূর্ণ পয়েন্টে দিন রাত কঠোর নজরদারি, নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বয়ে যৌথ টহল এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এই অভিযান সফল করতে স্থানীয় সাংবাদিক, সচেতন নাগরিক ও জেলে সম্প্রদায়সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









