ভোলার বোরহানউদ্দিনে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিত্তাফুল রাফা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা মো. সোহেল গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার বৌদ্ধের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সোহেল তার ছেলে রাফাকে মোটরসাইকেলে করে চরটিটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিলেন। বৌদ্ধের পুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাফার মৃত্যু হয়। গুরুতর আহত সোহেলকে পরে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









