‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ এই বার্তাকে সামনে রেখে বরিশালে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজিত মূল অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এই আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ উপলক্ষে বরিশালে আয়োজিত জেলা পর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মো. মজিবর রহমান সরওয়ার।
শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশে অভিভাবকদের দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “সব শিশুকে ডাক্তার বা প্রকৌশলী বানানোর চিরাচরিত মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। প্রতিটি শিশুর আলাদা দক্ষতা ও আগ্রহ রয়েছে। খেলাধুলা, ব্যায়াম, সংগীতসহ নানা সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তাদের মনের বিকাশ ঘটাতে হবে, যেন তারা নিয়মানুগ জীবনচর্চায় অভ্যস্ত হয়ে নিজের মতো করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে।”
অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন নগরীকে পরিপূর্ণ ‘শিশুবান্ধব’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, শহরের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ইতেমধ্যে ১৭টি খেলার মাঠ প্রস্তুতের কাজ দ্রুতগতিতে চলছে। পাশাপাশি একটি আধুনিক শিশু পার্ক নির্মাণের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।
বরিশালে শিশু একাডেমির স্থায়ী ভবনের অভাব প্রসঙ্গে তিনি জানান, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন যৌথ উদ্যোগ নিয়ে শিগগিরই এই সমস্যার সমাধান করবে।
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. মো. সাইয়েদুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক শিশু ও অভিভাবক এতে অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









