সুনামগঞ্জের মধ্যনগরে সরকারি লিজকৃত ভিটির রাজস্ব (লীজমানি) আদায়ে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) মধ্যনগর মধ্যবাজারের উন্মুক্ত স্থানে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ ক্যাম্পেইন হয়।
উপজেলায় থাকা ২১৩টি চান্দিনা ভিটির লীজমানি আদায়ের লক্ষ্যে আয়োজিত ক্যাম্পেইনে বিকেল ৪টা পর্যন্ত ১০৪টি ভিটির নথি নবায়ন করা হয়েছে। এ থেকে নবায়ন ফি হিসেবে ৮ লাখ ৩০ হাজার ২৫ টাকা আদায় হয়েছে।
ক্যাম্পেইনটি তদারকি করেন মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জনি রায়। এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভূমি অফিস সূত্রে জানা যায়, এতদিন ধর্মপাশা উপজেলা থেকে লীজমানি আদায়ের কার্যক্রম পরিচালিত হওয়ায় মধ্যনগরের অনেক লিজগ্রহীতা সময়মতো রাজস্ব পরিশোধ করতে পারতেন না। ফলে বছরে ২১৩টি ভিটির মধ্যে গড়ে ২০ থেকে ২২টির লীজমানি আদায় হতো।
লিজগ্রহীতাদের সুবিধার্থে এবার মধ্যনগরেই উন্মুক্ত স্থানে ক্যাম্পেইনের মাধ্যমে রাজস্ব আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে স্থানীয়রা নিজ এলাকায় এসে সহজে লীজমানি পরিশোধের সুযোগ পাচ্ছেন।
মধ্যনগর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা গোলাম ছারওয়ার বলেন, লিজগ্রহীতাদের সুবিধার্থে পর্যায়ক্রমে লীজমানি আদায়ের কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে বকেয়া রাজস্ব আদায়ের পাশাপাশি সরকারি সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনাও নিশ্চিত করা সম্ভব হবে।
সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত জনি রায় বলেন, ধর্মপাশা থেকে রাজস্ব আদায়ের কারণে আগে লীজমানি আদায়ের হার কম ছিল। মধ্যনগরে ক্যাম্পেইনের মাধ্যমে একদিনেই ১০৪টি ভিটির নথি নবায়ন হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









