জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে শুদ্ধ ও নির্ভুল নিবন্ধন নিশ্চিত করায় সারাদেশে বিশেষ স্বীকৃতি পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠানে আয়োজিত হয়।
সময়ানুবর্তিতা, নির্ভুলতা ও সেবার মান নিশ্চিত করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
ইউএনও মাজহারুল ইসলামের হাতে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহ আলম তার হাতে এ সম্মাননা তুলে দেন।
স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম।
সম্মাননা পাওয়ার পর ইউএনও মাজহারুল ইসলাম সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সহযোগিতার জন্য শিবগঞ্জ উপজেলার বাসিন্দাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাজহারুল ইসলাম বলেন, ‘নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা একটি গুরুত্বপূর্ণ নাগরিক সেবা। দায়িত্ব গ্রহণের পর থেকেই নাগরিক সেবা নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছেন।’
তিনি আরও বলেন, শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে পাওয়া এ স্বীকৃতি কর্মকর্তা-কর্মচারীদের আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









