পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালীপুর গ্রামে সরকারি খাসজমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা এক ভূমিহীন নারীকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রমিজা খাতুন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ২২ বছর আগে মস্তালীপুর গ্রামে সরকারি রাস্তার পাশে খাসজমিতে কুঁড়েঘর তুলে বসবাস শুরু করেন রমিজা খাতুন। এরপর থেকে দীর্ঘ ২২ বছর ধরে তিনি সেখানেই বসবাস করছেন। তার স্বামী আনার আলী অনেক আগেই তাকে ছেড়ে চলে যান। বর্তমানে ছেলে রবিউলকে নিয়ে সেখানে বসবাস করছিলেন তিনি।
রমিজার অভিযোগ, প্রভাবশালী নুর মোহাম্মদের ছেলে আলামিন ও রুহুল আমিন ওই খাসজমি দখলে নেওয়ার জন্য তাকে ও তার ছেলে রবিউলকে উচ্ছেদের চেষ্টা করছেন। গত সোমবার আলামিন গং তাদের প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দেন।
এ ঘটনার পর প্রাণভয়ে রমিজার ছেলে রবিউল পাশের চড়ইকোল গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে স্ত্রী-সন্তানদের রেখেছেন। অন্যদিকে রমিজা খাতুন নিজ বাড়িতে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। যেকোনো সময় তাকে বাড়ি থেকে উচ্ছেদ করে ওই সরকারি খাসজমি দখল করে নেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
ভুক্তভোগী রমিজা খাতুন বলেন, “প্রতিদিনই আমাকে মেরে ফেলা ও বাড়ি ভেঙে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমি আজ (মঙ্গলবার) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি। এছাড়া এই খাসজমি বন্দোবস্ত পাওয়ার জন্য এসিল্যান্ডের কাছে বারবার আবেদন করেছি। ইউনিয়ন ভূমি অফিসেও আবেদন করেছি। কিন্তু আমাকে খাসজমি দেওয়া হচ্ছে না। আমি এখন অসহায়। আমাকে এখান থেকে উচ্ছেদ করা হলে কোথায় যাব, কোথায় থাকব?”
এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, “খাসজমি ভূমিহীনরাই পাবেন। কেউ এটি দখল করতে পারবেন না। কারা এমনটি করছে, আমি অবশ্যই বিষয়টি দেখব।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









