নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (বার) ভবনে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান লাঞ্ছিত হন। উভয় পক্ষের কয়েকজন আইনজীবী আহত হয়েছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
আহতদের মধ্যে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির ও অতিরিক্ত পিপি ওমর ফারুক নয়ন রয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, আসন্ন জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে আগে থেকেই দুই পক্ষের বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সমিতির সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধান এবং পিপি আবুল কালাম আজাদ জাকির। অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক ও নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান এবং সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির।
মঙ্গলবার বিকেলে সমিতি ভবনের দ্বিতীয় তলায় সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশের কক্ষে দুই পক্ষের আইনজীবীরা খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আসন্ন নির্বাচন, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপির দায়িত্ব গ্রহণ এবং ম্যাজিস্ট্রেট আদালত ভবন স্থানান্তর নিয়ে আলোচনা থেকে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুই পক্ষের আইনজীবীদের কিল-ঘুষি দিতে দেখা যায়। এ সময় সাখাওয়াত হোসেনকে নিরাপদে সরিয়ে নিতে তার দেহরক্ষী পুলিশ সদস্যকে চেষ্টা করতে দেখা যায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বলেন, আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাক্বিতণ্ডা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান অভিযোগ করেন, সাখাওয়াত হোসেন ও তার অনুসারীরা তাদের দিকে তেড়ে এসে হামলা চালান এবং অতিরিক্ত পিপি ওমর ফারুক নয়নকে মারধর করেন। পরে প্রতিবাদ হিসেবে তারা সাখাওয়াতসহ তার পক্ষের আইনজীবীদের এক ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রাখেন।
অন্যদিকে সমিতির সভাপতি সরকার হুমায়ূন কবির দাবি করেন, তারা সাখাওয়াত হোসেনসহ অন্যদের নিয়ে তার কক্ষে খাওয়া-দাওয়া করছিলেন। পাশের কক্ষ থেকে উসকানিমূলক শব্দ করাকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
সাখাওয়াত হোসেনের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









