সর্বশেষ ছবি দ্য প্যারাডাইস দর্শকের কাছে ইতিবাচক সাড়া পায়নি। সেই ছবির পর এবার নতুন কাজে মন দিয়েছেন তেলুগু তারকা নানি, যিনি ‘ন্যাচারাল স্টার’ নামে পরিচিত। তিনি এখন ‘ব্লাডি রোমিও’র প্রস্তুতি নিচ্ছেন, যেখানে তাকে দেখা যাবে একেবারে আলাদা রূপে।
পাশাপাশি নানি নিশ্চিত করেছেন, একটি নতুন প্রেমের গল্পের ছবিও আসছে। ছবিটির নাম এখনো ঠিক হয়নি। তবে নানি বলেছেন, ‘‘শিশু ও পরিবারসহ সবার জন্যই কিছু না কিছু থাকবে এতে।’’
নানি জানিয়েছেন, দ্য প্যারাডাইসের কিছু দৃশ্যের কারণে শিশুরা সিনেমা হলে ছবিটি দেখতে পারেনি। এ নিয়ে তার মন খারাপ। পরের ছবি সম্পর্কে বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, ছবিটি হবে মিষ্টি ও সহজ ধাঁচের।
দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নানি বলেন, ‘‘এটাকে পারিবারিক ছবি বলব, নাকি প্রেমের গল্প, জানি না। তবে ছবিটা সবার জন্য। আমি যেখানেই যাই, যে অনুষ্ঠানেই থাকি, বাচ্চারা সত্যিই আমাকে খুব ভালোবাসে। সবার আগে ছুটে আসে ওরাই। ওরা হলে ঢুকতে পারেনি, এ জন্য আমার খুব খারাপ লাগছে। অবশ্য আমিও চাই না ওরা ঢুকুক। কিন্তু ব্লাডি রোমিও এক অর্থে সবার জন্য। খুব মিষ্টি, সূক্ষ্ম আর সুন্দর কিছুও আসছে এরপর।’’
ব্লাডি রোমিও সম্পর্কে নানি জানান, ব্লাডি রোমিও নিয়ে বিস্তারিত বলার সময় এখনো আসেনি। ছবিতে সহিংসতা থাকবে, তবে তা দ্য প্যারাডাইসের চেয়ে একেবারেই আলাদা। তার ভাষায়, ছবিটি স্টাইলিশ এবং এর চেহারা একদম নতুন।
পরিচালক সুজিত সহিংস দৃশ্যগুলোতে চতুর একটি মোড়ও যোগ করেছেন। নানির বিশ্বাস, দর্শক আগে যা দেখেছেন, তার চেয়ে নতুন ও আলাদা কিছু পাবেন এই ছবিতে।
ব্লাডি রোমিওর আগে প্রকাশিত অ্যানিমেটেড প্রোমোতে দেখা যায়, নানির চরিত্র ‘গ্যাংস্টারস ডেন’ নামের এক জায়গায় রান্না করছে। সে শান্তভাবে সবজি কাটছে, তারপর প্রেশার কুকারের ওপর একটি গ্রেনেড রেখে দেয়। ট্যাগলাইনে তাকে বলা হয়েছে ‘নম্বর ১ গ্যাংস্টার’।
প্রোমোর প্রাণবন্ত সংগীত দেখে মনে হচ্ছে, ছবিতে অ্যাকশনের সঙ্গে গল্প বলার একটি অদ্ভুত ধরনও মিশে থাকবে।
সূত্র: এনডিটিভি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









