নিজ মাটির টান যে কত গভীর, তা আবারও প্রমাণ করতে চলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবার তিনি ফিরছেন তাঁর জন্মভূমি কলমাকান্দায়। আর সেই প্রত্যাবর্তনকে ঘিরে পুরো উপজেলাজুড়ে বইছে উৎসবের হাওয়া।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে প্রতিমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মাঝে এখন সাজ সাজ রব প্রস্তুতির শেষ নেই কোথাও।
এরপর প্রতিমন্ত্রী যাবেন সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে। বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তিনি যে শিকড় থেকে তাঁর রাজনৈতিক ও সামাজিক পথচলার সূচনা। মরহুম মোস্তফা কামাল মুনছুর, যিনি একসময় কলমাকান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিমন্ত্রী পবিত্র জুমার নামাজ আদায় করবেন নিজ গ্রামের মসজিদে।
বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি। উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, ভূমি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ এবং প্রশাসনিক সমন্বয় সবকিছু নিয়েই হবে বিস্তারিত আলোচনা। স্থানীয়দের প্রত্যাশা, এ সভা থেকেই বেরিয়ে আসবে বাস্তবভিত্তিক কিছু সিদ্ধান্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান জানিয়েছেন, প্রতিমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া বলেন, “প্রতিমন্ত্রী হিসেবে তাঁর প্রথম আগমন আমাদের জন্য গর্বের। আমরা বিশ্বাস করি, এ সফরের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড নতুন গতি পাবে।”
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ এজমল হোসেন পাইলটের ভাষায়, “এটি শুধু একটি সফর নয়, এটি জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন।”
কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম মনে করেন, এই সফর এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের সুযোগ তৈরি করবে।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং রাত ১০টার মধ্যে বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।
প্রতিমন্ত্রীর এই আগমনকে ঘিরে কলমাকান্দার অলিগলি এখন প্রত্যাশার আলোয় উজ্জ্বল। জনপদের মানুষের বিশ্বাস নিজ মাটির সন্তান যখন রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে ফিরে আসেন, তখন উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা অনিবার্য হয়ে ওঠে।
কাওছার আল হাবীব/এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









