আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উৎযাপনের লক্ষ্যে পৌর প্রশাসকের উদ্যোগে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে পৌরসভা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আফরোজ মারলিজ।
এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, পূজা উৎযাপন ফ্রন্টের সভাপতি দিলীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার রায় নিতায়, কটিয়াদী প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেনসহ স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় পূজা মণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পরিচ্ছন্নতা বজায় রাখা, সুপেয় পানির ব্যবস্থা এবং যানজট নিরসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত আলোকসজ্জা ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয়েও তাগিদ দেওয়া হয়।
সভায় শামিমা আফরোজ মারলিজ প্রধান অতিথির বক্তব্যে জানান, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আমাদের সার্বজনীন সামাজিক উৎসব। সম্প্রীতি বজায় রেখে সবাই যাতে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকবে।
সভার সভাপতি লাবনী আক্তার তারানা জানান, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানান এবং একটি উৎসবমুখর ও নিরাপদ পূজা উদযাপনে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
সভা শেষে সকল মণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









