জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, সরকার যদি বিধবা কার্ড দেয়, তাহলে সংসদ সদস্যের (এমপি) বউ সবার আগে সেই কার্ড পাবেন।
সোমবার (১২ অক্টোবর) নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর ছাত্রশক্তির উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘‘পড়াশোনা করা ভাল কাজ আবার পড়াশোনা না করাও ভাল কাজ। এখন বুঝতে হবে কার জন্য ভাল কাজ আর কার জন্য খারাপ কাজ। ধরুন একটা ছেলে ভাল খেলোয়াড়, একজন ভাল গান গায়। তার কী দরকার আছে আঠারো ঘণ্টা পড়াশোনা করার।’’
তিনি জানান, আপনাকে এই যুগ অনুযায়ী আপনার অপরচুনিটি খুঁজে স্কিল ডেভেলপ করতে হবে। আমাদের দেশের প্রতি ঋণ আছে। আমাদের দেশের মত এত কম টাকায় কোথাও পড়াশোনা হয় না। দেশের ভিক্ষুকেরা ভিক্ষা করে দিনশেষে যে চাল কেনে, সেখানেও সে ট্যাক্স দেয়। সেই ট্যাক্সের টাকায় শিক্ষার বাজেট হয়, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি।’’
তিনি আরও বলেন, ‘‘আপনি দেশকে কিছু দিতে পারেন আর না পারেন, দেশকে খারাপ কিছু দিয়েন না। এটা হল মিনিমাম। আপনি গুনাহ কইরেন না, সওয়াব না করেন। আপনি মাদকাসক্ত হয়েন না। সমাজ ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু কইরেন না।’’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘‘সারের ডিলার নিয়ে কিছুদিন আগে নিয়োগপ্রক্রিয়া হয়েছে। সেখানে দেখা গেছে, এমপির ছেলেও সারের ডিলার পেয়েছে, এমপির মেয়েও সারের ডিলার পেয়েছে, আবার এমপির শালীও কার্ড পেয়েছেন। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে, তাহলে দেখা যাবে এমপির বউও এই কার্ড আগে নেবে। বাংলাদেশের অবস্থাটাই হচ্ছে এমন। এমনকি বেকার কার্ডও তারা আগে পাবে। এই নিচু মন-মানসিকতা ত্যাগ করে আমরা জেন-জি জেনারেশন যারা আছি, যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই প্রত্যাশাই করি।’’
চুয়েটের ভিসি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘চুয়েটের ভিসি একজন গুন্ডা। তাকে শিক্ষার্থীরাও যেমনিভাবে চায় না, একইভাবে শিক্ষকরাও চায় না। তিনি এত দিন সার্কিট হাউসে বসে অনলাইনে কার্যক্রম পরিচালনা করেছেন। তাকে আজ ছাত্রদলের কয়েকজন গুন্ডা দিয়ে জোর করে চেয়ার দখল করতে হয়েছে। তারা দেশকে পুনরায় পিছিয়ে নিতে চায়। তাদের ন্যূনতম লজ্জা, ব্যক্তিত্ব নাই। সব ক্ষেত্রে এসব মানুষ আছে। আমাদের এদের প্রতিরোধ করতে হবে।’’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আবদুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









