মক্কা-মদিনার ওপর কোনো ধরনের হামলা বা হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, পবিত্র এই দুই স্থানের নিরাপত্তা হুমকির মুখে পড়লে তাদের সহায়তায় এগিয়ে যাবে বাংলাদেশ।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত এবং সৌদি আরবের প্রয়োজনে দেশটিতে সেনা পাঠানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এখনো মক্কা প্যাক্টে যোগ দেয়নি। আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত কার্যকর না হওয়া পর্যন্ত যোগদানের বিষয়টি নিশ্চিতভাবে বলা যায় না। তাই এ মুহূর্তে সেখানে সেনা পাঠানোর প্রশ্নও উঠছে না।
সৌদি আরবের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি রয়েছে। চলমান পরিস্থিতি দ্রুত বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, বাংলাদেশ সৌদি আরবের জনগণ ও সরকারের পাশে রয়েছে এবং পরিস্থিতির দ্রুত অবসান চায়।
মক্কা-মদিনার নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সহায়তা করবে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, পবিত্র এই দুই স্থানের সঙ্গে মুসলিম বিশ্বের ধর্মীয় অনুভূতি ও আবেগ গভীরভাবে জড়িত। তাই সেখানে কোনো ধরনের হুমকি দেখা দিলে বাংলাদেশ নীরব থাকবে না; বরং সহায়তার হাত বাড়িয়ে দেবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









