গাজীপুরের কালীগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধ, কন্যাশিশুর শিক্ষার ধারাবাহিকতা ও অধিকার সুরক্ষার আহ্বানের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান ও তথ্যসেবা কর্মকর্তা সোহা তামান্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার রক্ষা, সুশিক্ষা নিশ্চিত করা ও বাল্যবিয়ে থেকে সুরক্ষায় অভিভাবকদের সচেতনতা এবং সমাজের সম্মিলিত উদ্যোগ জরুরি। শিশু মেলা স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









