দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩০৭ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। ফলে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে ১ লাখ ১ হাজার ৪৪২ জনে পৌঁছেছে।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৩০৭ জনের মধ্যে নারী ৫১ দশমিক ৩ শতাংশ এবং পুরুষ ৪৮ দশমিক ৭ শতাংশ।
মাসভিত্তিক মৃত্যুর হিসাবে দেখা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের প্রাণহানি হয়।
সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু আরও বেড়ে দাঁড়ায় ১৪৮ জনে। চলতি অক্টোবরের প্রথম ১২ দিনে মারা গেছেন ৬২ জন। এ মাসে এক দিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয় গত ৬ অক্টোবর।
হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও মাসভেদে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি অক্টোবরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৮২২ জন। এর আগের মাস সেপ্টেম্বরে ভর্তি হয়েছিলেন ৪৩ হাজার ৭৭৪ জন।
এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭, জুলাইয়ে ৯ হাজার ২০৬ এবং আগস্টে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯৫ হাজার ৩৩১ জন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









