সরকারি চাকরিতে থাকা অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটিতে সাংগঠনিক পদে থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলু।
রোববার (১১ অক্টোবর) চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলীর স্বাক্ষরিত নোটিশে তাকে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী বলেন, বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ১১ অক্টোবর সফিউল্ল্যাহ জগলুকে শোকজ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে।
গত ৫ অক্টোবর এনসিপির ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান ও সদস্যসচিব শরীফ হাওলাদার সাগরের স্বাক্ষরে দলটির চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়। ছয় মাসের জন্য অনুমোদিত সাত সদস্যের ওই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে সফিউল্ল্যাহ জগলুর নাম রয়েছে।
সরকারি চাকরিতে বহাল থেকে রাজনৈতিক দলের সাংগঠনিক পদে থাকার অভিযোগ ঘিরে সরকারি কর্মচারীদের আচরণবিধি নিয়েও আলোচনা তৈরি হয়েছে। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২৫(১) বিধিতে সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে বিধিনিষেধ রয়েছে।
এ বিষয়ে সফিউল্ল্যাহ জগলুর লিখিত জবাব এবং কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের ওপর বিষয়টির অগ্রগতি নির্ভর করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









