নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজন মিয়া নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল মিয়া ও জামাল মিয়া নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার রূপসী বাগবাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, যাত্রীবেশে কয়েকজন যুবক রূপসী স্ট্যান্ড থেকে রাজনের অটোরিকশাটি ভাড়া নেয়। পরে বাগবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে চালক রাজনকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং গলা কেটে রাস্তার পাশে ফেলে রেখে যায় তারা। পরে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজনকে উদ্ধার করে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তারাবো এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল ও জামালকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফয়সাল রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। জামাল নোয়াখালী সদর থানার করিমপুর এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে।
নিহত রাজন মিয়া রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে। সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় জড়িত দুজনকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









