স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।’
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের নিজ বাড়িতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসা-সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। চিকিৎসা সেবাকে সহজলভ্য ও সর্বজনীন করার মানসিকতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করছি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের উদ্দেশ্য সম্পূর্ণরূপে পূরণ হবে।’
সাখাওয়াত হোসেন বলেন, ‘যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের উপর যেমন দায় রয়েছে, যারা ভোট দেননি তাদের প্রতিও আমাদের সমান ভাবে দায়ভার রয়েছে। সব প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, সব বিদ্বেষ ভুলে গিয়ে আমরা মুক্তিযুদ্ধের সব পক্ষের মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশীল ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলবো।’
নরসিংদীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা সম্পর্কে তিনি বলেন, ‘আপনারা দোয়া করবেন। যাতে নরসিংদীতে দ্রুত মেডিকেল কলেজ করতে পারি। এছাড়া বাংলাদেশে আরও যেখানে যেখানে দরকার হবে সবখানে করা হবে। নরসিংদীর ২৫০ শয্যা হাসপাতালসহ যেগুলো চালু হয়নি সেগুলো যেন দ্রুত চালু হয় এজন্য আমরা কাজ করবো এবং নরসিংদীতে ২টি আইসিইউ ইউনিটের ব্যবস্থা করা হবে।’
এসময় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো কলিমুল্লাহ, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রশিদ দোলনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









