চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক থেকে ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, কোনো দ্রুতগামী যানের ধাক্কায় বা সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে জীবননগর-কালীগঞ্জ মহাসড়কের হাসাদাহ ইউনিয়নের কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই নারী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং গত কয়েকদিন ধরে ওই এলাকায় ভবঘুরের মতো ঘোরাফেরা করছিলেন। ভোরে স্থানীয় লোকজন রাস্তার পাশে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে দ্রুত জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানান।
খবর পেয়ে জীবননগর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, বর্তমানে নিহত নারীর মরদেহ জীবননগর থানায় রাখা হয়েছে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। নিহতের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









