নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পুনর্জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক আবু শামীম আজাদ আবেদনটি মঞ্জুর করেন।
শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন আইভী। এ সময় তিনি বলেন, ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না।’ পরে গাড়িতে করে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি।
আইভী এ মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি। মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও তাঁর পুনর্জামিনের আবেদন নিষ্পত্তির জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, চূড়ান্ত প্রতিবেদনের শুনানির পাশাপাশি সাবেক মেয়রের পুনর্জামিনের আবেদনও আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় তুহিন হত্যা মামলাটি করা হয়। থানার মামলা নম্বর ১৯। এতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে।
এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং তাঁর ভাতিজা আজমেরী ওসমান। মামলায় নাম উল্লেখ করে মোট ৯৯ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









