জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘‘বিদেশে আওয়ামী লীগ এবং দেশে বিএনপিকে কেন্দ্র করে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে দেশে এখনো শান্তি ফিরে আসেনি।’’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপি শরীয়তপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ‘‘আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে।’’ তার দাবি, স্বৈরাচার ও চাঁদাবাজেরা এক হয়ে দেশ ধ্বংসের নীলনকশা করছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘‘ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারতেন না।’’তিনি অভিযোগ করেন, আগে যারা অর্থ পাচার করতেন, এখন তাদের জায়গায় নতুন অর্থ পাচারকারীরা এসেছেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘‘গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিভিন্ন স্তরে সিন্ডিকেট গড়ে ওঠায় দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়েছে। এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।’’
তারেক রহমানের উদ্দেশে তিনি আরও বলেন, ‘‘বিএনপির মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। অন্যথায় তার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না।’’
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘‘প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে।’’
সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘‘জুলাই আন্দোলনের পর বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করায় তারা আশা করেছিলেন, দলটি দেশের মানুষের সরকার হয়ে উঠবে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ এবং সারের ডিলার নিয়োগের প্রক্রিয়ায় দলীয় স্বার্থ প্রাধান্য পাচ্ছে।’’
তিনি আরও বলেন, ‘‘সারের ডিলার নিয়োগে ব্যবসায়িক অভিজ্ঞতা ও যোগ্যতার পরিবর্তে সংসদ সদস্যদের সন্তান ও আত্মীয়স্বজনকে প্রাধান্য দেওয়া হচ্ছে।’’ তার ভাষায়, বিএনপি দেশের সরকার হয়ে উঠতে পারেনি; বরং বিএনপি নিজেদের দলের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
সভায় বক্তারা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, নিয়োগ-বাণিজ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা সমাধানে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং রাজনৈতিক দলগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তারা।
শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ, শ্রমিক শক্তির সদস্য সচিব ঋজু মোর্শেদ এবং দলের কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন। সভা সঞ্চালনা করেন জেলা এনসিপির সদস্যসচিব সবুজ তালুকদার।
এ ছাড়া জেলা যুবশক্তির আহ্বায়ক কাউসার, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিন এবং নারীশক্তি ও শ্রমিকশক্তির নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









