ঝালকাঠি জেলা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় কাজল রেখা (৩৫) নামের এক মাদক মামলার নারী হাজতির মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে কারাগারে হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কাজল রেখা ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের আরিফ হোসেনের স্ত্রী।
কারা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নলছিটির ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ২০ পিস ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজাসহ কাজল রেখাকে আটক করে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে তিনি ঝালকাঠি কারাগারে বন্দি ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ বিকাশ রায়হান জানান, সোমবার রাতে কারাগারের ভেতরে কাজল রেখা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আইনি প্রক্রিয়া সম্পন্ন ও ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে কারা সূত্রে জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









