শিশুদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা এবং জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির লক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজে পরিচ্ছন্নতা অভিযান ও ফলের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং একটি সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
ক্যাম্পেইনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিদ্যালয়ের প্রাঙ্গণে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধে শিশুদের সচেতন করা হয়। এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও সবুজ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার বার্তা ছড়িয়ে দিতে চত্বরে বিভিন্ন ফলের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটুলিয়া আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুভাস চন্দ্র মণ্ডল, অ্যাকশনএইড বাংলাদেশের এলআরপি-৫৪-এর চাইল্ড স্পন্সরশিপ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার সমিরন বিশ্বাস, প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
সচেতনতামূলক এই ক্যাম্পেইনে বক্তারা আশা প্রকাশ করেন যে, শিশুদের সক্রিয় অংশগ্রহণে এ ধরনের কর্মসূচি একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









