নাটোরের গুরুদাসপুরে ২ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক বিলসা হাট ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে এই হাট ভবনটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।
জানা যায়, ২০২২ সালে তৎকালীন সরকারের আমলে প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এই ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে দেশের গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (সিআইডিআরপি) আওতায় ভবনটি নির্মাণ করা হয়। এটি নাটোর জেলার সর্বোচ্চ ব্যয় বরাদ্দে নির্মিত হাট ভবনগুলোর মধ্যে অন্যতম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, সংসদ সদস্যের ছেলে প্রভাষক মো. মাহমুদুজ্জামান সোহাগ, প্রকৌশলী মিলন মিয়া, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টদের আশা, নতুন এই হাট ভবন চালুর ফলে এলাকার গ্রামীণ অর্থনীতিতে গতি আসবে এবং স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য একটি উন্নত, নিরাপদ ও সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা নিশ্চিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









