গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় এসেনশিয়াল ড্রাগস লিমিটেড কারখানায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ড দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মোট ২১টি ইউনিটের অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন এবং সকাল সাড়ে ১০টার মধ্যে সেখানে পৌঁছে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত কারখানাটিতে প্রথমে আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে আরও ১৩টি ইউনিট যুক্ত হয়। এভাবে মোট ২১টি ইউনিটের দীর্ঘ চার ঘণ্টার যৌথ প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, আগুনে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো জানা যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিং কাজ শেষ হওয়ার পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও গাজীপুরসহ বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









