মাদারীপুরের শিবচরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শহিদ (শহিদ চেয়ারম্যান) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় শিবচর পৌরসভার নন্দকুমার মোড় থেকে কলেজ মোড়গামী পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাঁর এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শহিদুল ইসলাম শহিদ শিবচর বাজারের নন্দকুমার মোড় থেকে কলেজ মোড়ের দিকে হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে গেলেও স্থানীয়রা সেটি আটক করে। তবে তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
নিহত মো. শহিদুল ইসলাম শহিদ স্থানীয়ভাবে ‘শহিদ চেয়ারম্যান’ নামেই বেশ পরিচিত ছিলেন। তিনি শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। জনপ্রতিনিধি ও রাজনীতিক হিসেবে সাধারণ মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ ছিল।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ব্যবসায়ী কামাল জামান নূর উদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খান, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. কালাম মল্লিক, সদস্যসচিব মো. আজমল হোসেন সেলিম খান এবং পৌর বিএনপির সিনিয়র আহ্বায়ক মো. হেমায়েত হোসেন খান।
এছাড়াও এনসিপির মাদারীপুর জেলা কমিটির সদস্যসচিব মো. ইয়াজ্জেম হোসেন রোমান তাঁকে একজন আদর্শবান ও নীতিবান রাজনৈতিক নেতা হিসেবে স্মরণ করে গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটন, পলাতক চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সড়কে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









