ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার ৫ নম্বর কলাতলী ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন আবাসন বাজার এলাকায় নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ইউনিয়নের মানুষের যাতায়াতের সুবিধা ও নাগরিক সেবা সহজলভ্য করতে আবাসন বাজারেই এই ভবন নির্মাণের জোর দাবি জানিয়েছেন তাঁরা।
গত শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কলাতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবাসন বাজার এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের ১, ২, ৪, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রায় দেড় হাজার সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, ইউনিয়ন পরিষদ কেবল একটি প্রশাসনিক ভবনই নয়, এটি সাধারণ মানুষের নাগরিক সেবা পাওয়ার প্রধান কেন্দ্র। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন জরুরি সরকারি সেবা নিতে মানুষ এখানেই আসে। তাই পরিষদ ভবন স্থান নির্ধারণের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো মহলের স্বার্থ না দেখে, বরং ইউনিয়নের সর্বস্তরের মানুষের যাতায়াত সুবিধা ও ভোগান্তির দিকটি গুরুত্ব দেওয়া উচিত।
বিক্ষোভকারীরা আরও বলেন, আবাসন বাজার এলাকায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হলে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর বিপুলসংখ্যক মানুষ সহজেই সরকারি সেবা গ্রহণ করতে পারবেন। এতে সাধারণ মানুষের সময়, অর্থ সাশ্রয় ও যাতায়াতের দুর্ভোগ বহুলাংশে কমে আসবে।
স্থানীয় বাসিন্দা মো. আবদুল হামিদ, মো. এরশাদ ও আলাউদ্দিন খলিফা বলেন, মনপুরার মতো বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে মানুষকে এমনিতেই নানা দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বয়স্ক, নারী, অসুস্থ ও দরিদ্র মানুষগুলোর দূরে গিয়ে সেবা নেওয়া অত্যন্ত কষ্টকর। তাই জনগণের সুবিধাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আবাসন বাজারেই ভবন নির্মাণের উদ্যোগ নিতে জেলা প্রশাসকের প্রতি জোর দাবি জানান তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব বলেন, "ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য প্রায় ৮০ শতক জমির প্রয়োজন হয়। তবে পরিষদের নিজস্ব কোনো জমি না থাকায় স্থান নির্বাচন নিয়ে কিছুটা জটিলতা রয়েছে। বর্তমানে মনির বাজারের স্থানীয় বাসিন্দারা ভবন নির্মাণের জন্য বিনামূল্যে জমি দিতে সম্মত হয়েছেন এবং সেখানে সরকারি সেন্টারও রয়েছে, যা আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।"
ইউএনও আরও জানান, ভবন নির্মাণের জন্য তাঁদের পছন্দের তালিকায় দুটি স্থান রয়েছে। যে স্থানে তুলনামূলক বেশি জমি পাওয়া যাবে এবং অবকাঠামো নির্মাণের জন্য অধিক উপযুক্ত হবে, শেষ পর্যন্ত সেখানেই ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









