শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে অসহায় ও দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে ভূঞাপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এই শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মো. আব্দুস সালাম পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. আমিনা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় নারীদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমে সমাজের দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সহমর্মিতার এক অনন্য বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









