শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর বাউফলে অসহায়, দুস্থ ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে ৩০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এসব শাড়ি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই শাড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পূজা উদ্যাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, "ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও মর্যাদা সমান। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।" তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে প্রাপ্ত বরাদ্দ কোনো ধরনের অনিয়ম ছাড়া প্রকৃত অসহায় মানুষের মাঝে শতভাগ বণ্টন করা হচ্ছে।
এ সময় তিনি উল্লেখ করেন, ইতিপূর্বে বিভিন্ন উৎসবে দরিদ্র মানুষের মাঝে সহায়তা প্রদানে সর্বজনীন দৃষ্টিভঙ্গি রাখা হয়েছে এবং মধ্য বাউফলের ৬৫টি পূজা মণ্ডপে প্রতিটিতে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, "উপজেলার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। ধর্মীয় উৎসবগুলো যেন সবাই আনন্দ ও উৎসাহের সঙ্গে উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হচ্ছে।"
শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করার প্রসঙ্গে ইউএনও জানান, উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য ৮ জন করে আনসার-ভিডিপি সদস্য নিয়োগের পাশাপাশি প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক খালিদুর রহমান, বাউফল পৌরসভার পূজা উদ্যাপন কমিটির সভাপতি নিতাই চন্দ্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









