অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ মুক্তির দুই সপ্তাহ পেরিয়ে তৃতীয় সপ্তাহে পা রেখেছে। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫২০ কোটি ১৫ লাখ রুপি। বক্স অফিসে দর্শকদের সাড়া ধরে রেখে সিনেমাটি বছরের অন্যতম সফল হিন্দি চলচ্চিত্র হয়ে ওঠার পথে এগিয়ে যাচ্ছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি আয় করে ২৪৫ কোটি ৫০ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহে আরও ৮৭ কোটি ৫০ লাখ রুপি যোগ হয় এর আয়ের খাতায়। ফলে দুই সপ্তাহ শেষে ভারতের বাজারে সিনেমাটির নেট আয় দাঁড়ায় ৩৩৩ কোটি রুপি।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ১৫তম দিনে ভারতে ৪ হাজার ১৫৭টি প্রদর্শনী থেকে সিনেমাটি ৩ কোটি রুপি নেট আয় করেছে। এতে ভারতে মোট নেট আয় বেড়ে দাঁড়িয়েছে ৩৩৬ কোটি রুপি। একই সময়ে বিদেশের বাজারে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১১৭ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় হয়েছে ৫২০ কোটি ১৫ লাখ রুপি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ৩৫০ কোটি রুপি নেট আয়ের মাইলফলক অতিক্রমের পথে রয়েছে সিনেমাটি। তৃতীয় সপ্তাহেও ব্যবসার গতি বজায় থাকলে বিশ্বব্যাপী আয় ৫৫০ কোটি রুপির কাছাকাছি পৌঁছাতে পারে।
অভিষেক পাঠক পরিচালিত সিনেমাটিতে বিজয় সালগাঁওকরের ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন। পরিবারের সদস্যদের নিয়ে আরও এক আইনি জটিলতা মোকাবিলায় তার বুদ্ধি ও কৌশলের ওপর নির্ভর করার গল্প তুলে ধরা হয়েছে এতে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শ্রিয়া শরণ, ঈশিতা দত্ত, মৃণাল যাদব, রজত কাপুর, জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









