নওগাঁর মান্দায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে নষ্ট হয়েছে প্রায় তিন বিঘা জমির ধান। এতে প্রায় ৩৫ থেকে ৪০ মণ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক মায়াজ উদ্দীন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক মায়াজ উদ্দিন জানান, জমি থেকে ধান কেটে মাড়াই করার জন্য তা রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছিল। রাতে কে বা কারা ওই ধানে আগুন দিয়েছে, তা তিনি দেখতে পাননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে ধানের অর্ধেকের বেশি পুড়ে ছাই হয়ে যায়।
মান্দা ফায়ার সার্ভিসের লিডার শফিউর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একটি পূর্ণাঙ্গ ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি জানান, আশপাশে কোনো বৈদ্যুতিক সংযোগ বা বাড়িঘর না থাকায় ধারণা করা হচ্ছে, কোনো পথচারীর ফেলে দেওয়া জ্বলন্ত বিড়ি বা সিগারেটের আগুন কিংবা দুর্বৃত্তের নাশকতা থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন বলেন, "অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষয়ক্ষতির বিবরণ উল্লেখ করে লিখিত আবেদন করলে তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে সার্বিক সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









