কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একই পরিবারের তিনজন হলেন রৌমারীর চর শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা এলাকার প্রভাষক শহিদুল ইসলামের স্ত্রী লিপি বেগম (২৬), ছেলে রিশাদ মিয়া (১২) ও মেয়ে তুবা (৭)। এ ঘটনায় যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার এলাকার বাদল মিয়ার স্ত্রী শরিফা বেগম (৪২) নিহত হয়েছেন।
এখনো নিহত অটোরিকশাচালকের নাম–পরিচয় জানা যায়নি।
রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ জানান, নিহত ৫ জনের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। আহত এক শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে। আহত দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তাদের মৃত্যু হয়।’’
রৌমারী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শফিকুল ইসলাম বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং নিহত ও আহতদের উদ্ধার করা হয়।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









