ইউক্রেনের ওপর থেকে গোয়েন্দা সহায়তা বন্ধের হুমকি এবং রাশিয়ার সঙ্গে জ্বালানি চুক্তিসহ নানা ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কিয়েভের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। রুশ জ্বালানি স্থাপনায় ইউক্রেনের হামলার কারণে জ্বালানির দাম বাড়ছে—এমন অভিযোগ তুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
বৃহস্পতিবার ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলার প্রস্তুতির মধ্যে মার্কিন নিয়ন্ত্রণাধীন স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবায় বিঘ্ন ঘটে। এতে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আশঙ্কা তৈরি হয়। জবাবে ট্রাম্পের সমালোচনা করে জেলেনস্কি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার প্রতি বেশি সহানুভূতিশীল। রাশিয়ার হামলা অব্যাহত থাকায় দেশটির জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা বন্ধ করার ট্রাম্পের দাবি মানতেও অস্বীকৃতি জানান তিনি।
তবে মতবিরোধ সত্ত্বেও ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চায় কিয়েভ। ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। শুক্রবার ট্রাম্পও বলেন, তিনি জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন—উভয়ের সঙ্গেই যোগাযোগ রাখবেন। তার ভাষায়, তিনি যুদ্ধের অবসান চান।
সাবেক মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ড্যানিয়েল ফ্রিড বলেন, ইউক্রেনের প্রতি ওয়াশিংটনের নীতিতে স্থায়ী পরিবর্তন আসছে কি না, তা স্পষ্ট নয়। তবে বর্তমান পরিস্থিতি যুদ্ধ বন্ধের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে এবং ইউক্রেনের মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এবং হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি সরবরাহে বিঘ্ন ও দাম বৃদ্ধির প্রধান কারণ তৈরি হয়েছে। তা সত্ত্বেও জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্প রাশিয়ার কাছ থেকে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। ৯ অক্টোবর পুতিনের সঙ্গে রুশ জ্বালানির ওপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করে ডিজেল আমদানির বিষয়ে সমঝোতার কথা জানান তিনি।
ইউক্রেনের জন্য মার্কিন গোয়েন্দা তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সহায়তা কমে গেলে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শনাক্ত এবং প্রতিহত করা কঠিন হতে পারে। ট্রাম্প প্রশাসনের নিয়ন্ত্রণাধীন প্রযুক্তির ওপর ইউক্রেনের নির্ভরতাও নতুন করে সামনে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









