গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানার হারবাল সেকশনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এক বার্তায় জানান, বিকাল ৪টা ২২ মিনিটে সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ছয়তলা ভবনের নিচতলার স্টোরে আগুন লাগে। ১২ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি পৌঁছায়। বিকাল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









