তেলবাহী ট্যাংকারে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানা গেছে।
আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং এ পথে বিভিন্ন দেশের জাহাজ চলাচল নিষিদ্ধ। ইরানের নির্দেশনা অমান্য করে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আইআরজিসির দাবি, দুই লাখের বেশি নয়, বরং ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল বহনকারী একটি সুপারট্যাংকার অনুমোদনহীন পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে। এ সময় জাহাজটি একটি নৌমাইনে আঘাত করলে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইরানের সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, ট্যাংকারটি তার অবস্থান শনাক্তকরণ ও রাডারব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। এ ছাড়া ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় না করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহায়তায় প্রণালি অতিক্রমের চেষ্টা করেছিল জাহাজটি। এ সিদ্ধান্তকেই দুর্ঘটনার সরাসরি কারণ হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি।
![]()
এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী বলেছে, হরমুজ প্রণালি বন্ধ এবং ইরানের বিধিনিষেধ অমান্য করে চলাচলকারী জাহাজগুলোকে পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ওপর নির্ভর করে ইরানের নির্দেশনা উপেক্ষা করার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
এদিকে সৌদি আরবের উপকূলের কাছেও অন্তত আরও দুটি তেলবাহী ট্যাংকারে হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসের তথ্য অনুযায়ী, গতকাল থেকে এসব ঘটনার খবর সামনে এসেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধের এ ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









