শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে শ্রীমঙ্গল সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় ২৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নজরদারিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন।
শনিবার (১৭ অক্টোবর) হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বিওপির আওতাধীন ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান। সেখানে তিনি মিডিয়া ব্রিফিং করেন।
এ সময় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে সেক্টর কমান্ডার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজামণ্ডপের সভাপতির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
বিজিবি জানায়, শ্রীমঙ্গল, বিয়ানীবাজার ও হবিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২০৬টি এবং ইউনিট সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ৩১টি পূজামণ্ডপ রয়েছে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্বের পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছেন বিজিবি সদস্যরা। গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধেও বিশেষ নজরদারি চলছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বাহিনীটি।
মিডিয়া ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শ্রীমঙ্গল সেক্টরের তিনটি ব্যাটালিয়নের অভিযানে ৮৭ কোটি ২৩ লাখ ৯৮ হাজার ১১৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এসব ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৭৪ জনকে।
সারা দেশে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। দুর্গম এলাকায় নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে ১৮টি বেইজ ক্যাম্প।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









