ঝিনাইদহের শৈলকুপায় গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল খাঁ (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই রবিউল খাঁর স্ত্রী নাজমা বেগমকে আটক করেছে পুলিশ। রবিউল পলাতক রয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রম্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজিবুল ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য সামছুল ইসলাম জানান, শুক্রবার সকালে মজিবুলের ছেলে বাড়ির গাছ থেকে কয়েকটি সুপারি পাড়লে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বিরোধ শুরু হয়। শনিবার বিকেলে দুই পরিবারের সদস্যদের মধ্যে লাঠি নিয়ে সংঘর্ষ হয়। এ সময় ছোট ভাই রবিউলের লাঠির আঘাতে মজিবুলের মৃত্যু হয় বলে অভিযোগ।
তবে রবিউলের স্ত্রী নাজমা বেগমের দাবি, দুই ভাইয়ের হাতাহাতির সময় অসুস্থ মজিবুল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নাজমা বেগমকে আটক করা হয়েছে। পলাতক রবিউলকে আটকের চেষ্টা চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









