সিলেটের জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মাসের এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।
শনিবার (১৭ অক্টোবর) সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর ফেরিঘাট সংলগ্ন এলাকায় ও বিরাইমারা ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা পর্যটকবাহী জাফলংগামী একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-১৮৪৯) ও সিলেট গামী পাথর বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২২-৭৫০১) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন নিহত হন। বাসে থাকা চালকসহ আরও ৫ জন যাত্রী গুরুত্বও আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় লোকজনের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয়।
নিহত ব্যক্তির নাম হাসান প্রামানিক (৪০)। তিনি রাজবাড়ি জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।
অপর দিকে দুপুরে তামাবিল সড়কের বিরাইমারা ব্রিজের পাশে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ এক কিশোরী নিহত হয়।
নিহত শিশু আয়াত গোয়াইনঘাট উপজেলার পশ্চিম মাখেরপাড়া গ্রামের হাসানুজ্জামানের ছেলে ও কিশোরী আলিফ আক্তার (১৫) বরিশাল জেলার মো. কাওসার আহমদের মেয়ে।
তামাবিল হাইওয়ে থানার উপ-পরিদর্শক নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









