শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বরিশালে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। নগরীর ৪৬টি ও বাইরের ৪৪টিসহ মোট ৯০টি পূজামণ্ডপের মধ্যে ৭৫টি পরিদর্শন করেছে ব্যাটালিয়নটি।
নিরাপত্তার অংশ হিসেবে পূজামণ্ডপের সিসিটিভি ব্যবস্থা তদারকি, স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ, ইউনিফর্ম ও সাদা পোশাকে নজরদারি, বডি-অন ক্যামেরা ব্যবহার এবং বিশেষ টহল জোরদার করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম।
শনিবার (১৭ অক্টোবর) শ্রী শ্রী শংকর মঠ মন্দির পরিদর্শন শেষে মিডিয়া ব্রিফিংয়ে এসআরবি-৮ বরিশালের অধিনায়ক মোহাম্মদ জাকিউল করিম (জি), বিএন বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি পূজা উদ্যাপন কমিটি, স্বেচ্ছাসেবক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান। পাশাপাশি গুজব এড়িয়ে চলা এবং সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ দেখলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেন।
জরুরি প্রয়োজনে এসআরবি-৮-এর ০১৭৭৭-৭১০৮৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
ব্রিফিংয়ে শ্রী শ্রী শংকর মঠ মন্দিরের সভাপতি লিমন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক চিন্ময় দাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









