কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাকে উখিয়া থানায় নেওয়া হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ম্যানেজার সুমনকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের পর অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
কক্সবাজার জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, ‘‘অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাবে না। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরই আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।’’
পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে রিসোর্টটির নিরাপত্তাব্যবস্থা, অনুমোদন এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল কি না এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









