রাজধানীসহ সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩২ জন।
শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯৫০ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৫ জন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫৭ জনের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত হাম-সদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৪৫২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৮৪৮ জন। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









