নাটোরের নলডাঙায় লিজ নেওয়া পেয়ারা বাগানের প্রায় ১০০টি ফলন্ত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে ১ লাখ ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।
শনিবার (১৭ অক্টোবর) ভুক্তভোগী কৃষক বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পুঠিয়া উপজেলার চন্দন মাড়িয়া গ্রামের মো. আলী আহাম্মদ (৫৮) নলডাঙার মোমিনপুর এলাকায় প্রায় এক একর জমি লিজ নিয়ে পেয়ারা চাষ করছিলেন। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত কোনো এক সময় দুর্বৃত্তরা বাগানে ঢুকে প্রায় ১০০টি ফলন্ত গাছ কেটে ফেলে। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পারেন তিনি।
এ ঘটনায় শনিবার নলডাঙা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন আলী আহাম্মদ। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
নলডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, গাছ কাটার অভিযোগে লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









