সংগঠনের বয়স ১৪ বছর, তাই দুর্গাপ্রতিমার উচ্চতাও ১৪ ফুট। ব্যতিক্রমী এই ভাবনাকে ঘিরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তৈরি হয়েছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা। উদ্যোগী যুব সংঘের (উযুস) আয়োজনে নির্মিত বিশাল প্রতিমাটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। আয়োজকদের দাবি, এটি ময়মনসিংহ জেলার সবচেয়ে বড় দুর্গাপ্রতিমা।
২০১২ সালের ১ নভেম্বর ৭১ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে উদ্যোগী যুব সংঘ। পরের বছর থেকে নিয়মিত দুর্গাপূজার আয়োজন করে আসছে সংগঠনটি। ১৪ বছর পূর্তি স্মরণীয় করে রাখতে এবার প্রতিমার উচ্চতা ১৪ ফুট করার পরিকল্পনা নেন আয়োজকেরা। প্রতিমার পাশাপাশি মণ্ডপের সাজসজ্জাতেও রাখা হয়েছে বিশেষত্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে এ আয়োজনের খবর ছড়িয়ে পড়ায় দর্শনার্থীদের আগ্রহ বেড়েছে।
মাটি, খড়, বাঁশ, কাঠ ও পাটের রশি দিয়ে তৈরি প্রতিমাটির নির্মাণকাজ শেষ করতে টানা ১২ দিন পরিশ্রম করেছেন নেত্রকোনার প্রতিমাশিল্পী তপন পাল। প্রায় ১৮ বছর ধরে এ পেশায় যুক্ত তিনি। ফুফার হাত ধরে প্রতিমা তৈরিতে আসা তপনের কাছে এটি শুধু জীবিকা নয়, পারিবারিক ঐতিহ্যও।
তপন পাল বলেন, প্রতিমা তৈরিতে ধৈর্য ও মনোযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি ধাপে যত্ন নিয়ে কাজ করতে হয়। প্রতিমার আকার যত বড় হয়, পরিশ্রমও তত বেড়ে যায়।
সংগঠনের সভাপতি সুদীপ্ত সাহা অমিত বলেন, প্রতিবছরই পূজায় নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করেন তারা। সংগঠনের ১৪ বছর পূর্তি উপলক্ষে এবার ১৪ ফুটের প্রতিমা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক অজয় গৌড় বলেন, প্রতিমার পাশাপাশি মণ্ডপের সাজসজ্জা ও সার্বিক ব্যবস্থাপনাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে সংগঠনটির সদস্যসংখ্যা ১৩০। দর্শনার্থীদের ভিড় সামলাতে সদস্যদের নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। তাদের জন্য খিচুড়ি ও প্রসাদের ব্যবস্থাও রেখেছেন আয়োজকেরা।
স্থানীয় বাসিন্দা সুমন বণিক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমার খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন। দর্শনার্থী অপু বলেন, এত বড় প্রতিমা কাছ থেকে দেখতে পেরে ভালো লাগছে। সংগঠনের ১৪ বছর পূর্তিতে ১৪ ফুটের প্রতিমা নির্মাণের ভাবনাটি সত্যিই ব্যতিক্রমী।
সংগঠনের ১৪ বছরের পথচলাকে স্মরণীয় করে তোলার এ আয়োজন ঈশ্বরগঞ্জের দুর্গোৎসবে যোগ করেছে নতুন মাত্রা। বিশাল প্রতিমাকে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ আর উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









