সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বজ্রপাতের ঝুঁকি হ্রাস, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় রাস্তার পাশে ৫ শত তাল গাছের চারা ও ২ হাজার বীজ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
রবিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ১ নং সদর ইউনিয়নের উত্তর দেলুয়া জামে মসজিদ মাঠে তাল গাছের চারা ও বীজ রোপণের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
২০২৫-২৬ অর্থবছরে বেলকুচি উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় বেলকুচি সদর ইউনিয়নের চরাঞ্চলের বিভিন্ন গ্রামীণ ও সংযোগ সড়কের দুই পাশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. গোলাম আজম, বেলকুচি উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. শাহাদত হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, সদস্যসচিব মো. আলম প্রামানিক, বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. রেজাউল করিম, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হেনাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও চরাঞ্চলের স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতে প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তাল গাছ প্রাকৃতিকভাবে বজ্রপাত নিরোধক হিসেবে কাজ করে এবং মাটির ক্ষয়রোধ ও গ্রামীণ সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চরাঞ্চলের উন্মুক্ত সড়কের পাশে এসব তাল গাছ বড় হলে প্রাকৃতিক সুরক্ষাবলয় তৈরি হবে এবং পরিবেশের ভারসাম্য সুরক্ষিত থাকবে।
কর্মসূচির আওতায় বেলকুচি সদর ইউনিয়নের চরাঞ্চলের রাস্তার দুই পাশে তালের চারা ও বীজ রোপণ করা হচ্ছে।
স্থানীয় চরাঞ্চলবাসী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুত তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণের প্রত্যাশা ব্যক্ত করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









